‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহ্বান

- সর্বশেষ আপডেট ১০:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 195
ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ১১ দলীয় নির্বাচনী জোটের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বলেছেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যেকোনো ধরনের কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র ও সাধারণ মানুষকে ভোটের দিন রাজপথে অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত থাকতে হবে। শুধু ভোট দিয়ে ঘরে ফিরে যাওয়াই যথেষ্ট নয়; ফলাফল ঘোষণার সময় পর্যন্ত কেন্দ্র এবং রাজপথের নিয়ন্ত্রণ ধরে রাখা জরুরি।
বুধবার রাজধানীর শিয়া মসজিদ থেকে শ্যামলী পর্যন্ত ঢাকা-১৩ আসনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নির্বাচনী স্বাগত মিছিল’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ঢাকা-১৩-এর ভোটাররা ‘রিকশা’ প্রতীকের পক্ষে ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত। তবে ষড়যন্ত্রকারীরা নীরব নয়। তিনি ছাত্রশিবির, ছাত্র মজলিস ও ছাত্র শক্তিসহ সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ভোটের ফলাফল নিয়ে যেকোনো কারচুপি ও ইঞ্জিনিয়ারিং প্রতিহত করতে সবসময় প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সেক্রেটারি জেনারেল মুহিব্বুল্লাহ। মিছিলে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
































