আ.লীগ সংগঠিত করতে গজারিয়ায় মান্নানের ‘গোপন মিশন’

- সর্বশেষ আপডেট ০১:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 126
ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে গজারিয়ায় দলটির নেতাকর্মীদের সংগঠিত করতে ব্যবসায়ী আব্দুল মান্নান সরকার অর্থসহায়তা ও গোপন বৈঠক করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, রাজধানীর খিলগাঁওসহ কয়েকটি এলাকায় গজারিয়া থেকে পালিয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে বৈঠক করে দল পুনর্গঠনের উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
আব্দুল মান্নান সরকার স্ট্যান্ডার্ড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অপারেশনের দায়িত্বে রয়েছেন। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মান্নান সরকারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, জমি দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত আবেদন করেছেন গজারিয়ার ছোট রায়পাড়া গ্রামের হুমায়ুন কবির। অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, মান্নান সরকার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ২০০৯ সালে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান এবং ২০১১ সালে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে দুই নির্বাচনেই পরাজিত হন।
অভিযোগকারীর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ফজিলাতুন্নেছা ইন্দিরার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে গজারিয়ায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন মান্নান। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। তার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা বলেও উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকে ‘ম্যানেজ’ করে মান্নান এলাকায় নিজের প্রভাব ধরে রেখেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্গঠনে তার তৎপরতার অভিযোগও সামনে এসেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল মান্নান সরকার। বাংলা অ্যাফেয়ার্সকে তিনি বলেন, একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কয়েক বছর আগে তিনি দলটি ছেড়ে দিয়েছেন। ২০০৯ ও ২০১১ সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তিনি উলামা-মাশায়েখ পরিষদ নামে একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
জমি নিয়ে বিরোধের জেরে হুমায়ুন কবির তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন বলেও দাবি করেন মান্নান। তার ভাষ্য, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন; সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেই যুক্ত আছেন।
ফজিলাতুন্নেছা ইন্দিরার সঙ্গে অতীতে তার সম্পর্কের বিষয়ে মান্নান বলেন, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে বর্তমানে বিএনপির স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে যেমন তার সম্পর্ক রয়েছে, তেমনি অতীতে ইন্দিরার সঙ্গেও তার সম্পর্ক ছিল।































