আদ-দ্বীনে শিশু মৃত্যুতে জরুরি ময়নাতদন্ত চায় সরকার
- সর্বশেষ আপডেট ০৯:৪৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / 78
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসি বিকল হওয়া, শ্বাসরোধ বা গ্যাস লিকেজসহ সম্ভাব্য সব কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাবে না।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে এবং ভবিষ্যতে বিচারিক প্রক্রিয়াতেও জটিলতা তৈরি হতে পারে।
তিনি জানান, হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সম্ভাব্য শ্বাসরোধ কিংবা গ্যাস লিকেজসহ সব দিক তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে দাফনের পর আদালতের অনুমতি নিয়ে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা সম্ভব।
সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়েছে বলে তার জানা নেই। মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের তথ্য সংগ্রহের অধিকার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে পল্লবীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলার অগ্রগতির বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মামলার অধিকাংশ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং অবশিষ্ট সাক্ষীদের আদালতে হাজির করতে সরকার সহযোগিতা করছে। তবে মামলাটি বিচারাধীন হওয়ায় রায় নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের তথ্যও জানান তিনি। মন্ত্রী বলেন, প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।





































