আড়াই দিনে উইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারালো ভারত
- সর্বশেষ আপডেট ০৬:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 352
ভারতের বোলিং আক্রমণের সামনে ওয়েস্ট ইন্ডিজ কোনো প্রতিরোধ গড়তে পারেনি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আত্মসমর্পণ করতে হয় ব্রেন্ডন কিং ও শাই হোপের। আহমেদাবাদ টেস্টে ইনিংস এবং ১৪০ রানের ব্যবধানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুবমান গিলের নেতৃত্বে ভারত।
ঘরের স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের জন্য জয় কঠিন হওয়ার কথা ছিল, তবে ভারতের বোলারদের সামনে তারা সহজেই গুটিয়ে গেল। ম্যাচের তৃতীয় দিন ভারতের কোনো ব্যাটিং হয়নি। শুক্রবার ৫ উইকেটে ৪৪৮ রানের সংগ্রহে ভারত ইনিংস ঘোষণা করে। ২৮৬ রানের লিড নিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে পাঠানো হয়।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ ব্যর্থ হয়। ব্যতিক্রম ছিলেন অ্যাথানাজ, যিনি ৩৮ রান করেন। ওপেনার জন ক্যাম্পবেল (১৪) ও তেজনারাইন চন্দরপল (৮) দ্রুত আউট হন। কিং (৫), চেজ (১), হোপ (১) পরপর আউট হন। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের স্পিনে তারা কোনো প্রতিরোধ গড়তে পারেননি।
অ্যাথানাজকে ওয়াশিংটন সুন্দর আউট করার পর ভারতের জয়ের সময়ই শেষ হয়ে আসে। পরের ওভারে সিরাজ গ্রেভস (২৫) ও ওয়ারিকান (০) আউট করেন। এতে ১৪৬ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
ভারতের বোলিংয়ে জাদেজা ছিলেন সফলতম; ৫৪ রানে ৪ উইকেট নেন। সিরাজ ৩১ রানে ৩ উইকেট নেন, কুলদীপ ২৩ রানে ২ উইকেট নেন এবং ওয়াশিংটন ১৮ রানে ১ উইকেট নেন।

































