একদিন পর কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু
- সর্বশেষ আপডেট ১২:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 53
একদিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল শুরু করে।
কিশোরগঞ্জ ও মহাখালী বাস টার্মিনালের মালিকদের মধ্যে বিরোধের জেরে রোববার এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী যাত্রীরা। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া চাকরিজীবীদের দুর্ভোগ পোহাতে হয়।
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ বলেন, বাস চলাচল বন্ধের পেছনে থাকা সমস্যাগুলো নিয়ে আগামীকাল কেন্দ্রীয় কমিটির সভা হবে। ঢাকার পক্ষ থেকে লেকজন যে অতিরিক্ত বাস দিয়েছিল, সেগুলো বন্ধ করা হয়েছে। এখন আগের বাসগুলোই চলবে। এ কারণে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে রোববার সকালে গাইটাল বাস টার্মিনালে গিয়ে চার পরিবহনের বাস চলাচল বন্ধ দেখতে পান যাত্রীরা। এ সময় ‘অনন্যা সুপার’ নামে একটি পরিবহনের বাস গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাত্রী পরিবহন করে। যাত্রীদের অভিযোগ, মহাখালী পর্যন্ত ৩৮০ টাকা ভাড়ার বিপরীতে গাজীপুর পর্যন্ত ৪০০ টাকা নেওয়া হচ্ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কেউ কেউ বাসের পরিবর্তে ট্রেনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
বাস চলাচল পুনরায় শুরু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। তবে পরিবহন মালিকদের বিরোধের স্থায়ী সমাধান হবে কি না, তা নির্ভর করছে পরবর্তী আলোচনার ওপর।






























