স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
- সর্বশেষ আপডেট ১১:৪৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / 34
অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক কূটনীতির প্রসারে ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরের শুরুতে স্পেনের সেভিলে যাবেন শামা ওবায়েদ। সেখানে ২৬ অক্টোবর তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। ‘দৃঢ় অংশীদারত্ব, যৌথ সমৃদ্ধি’ প্রতিপাদ্যে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ প্রদর্শনীর আয়োজন করেছে।
স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের রপ্তানিকারকদের যোগাযোগ এবং ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এ এক্সপোর মূল উদ্দেশ্য।
স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সফরে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব বাড়ানো এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন শামা ওবায়েদ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মাধ্যমে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ আরও এগিয়ে নেওয়া হবে।





























