রেকর্ড বিদ্যুৎ উৎপাদনে রামপাল
- সর্বশেষ আপডেট ০৪:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 5
তীব্র তাপপ্রবাহ ও উচ্চ চাহিদার চাপেও এপ্রিলে সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যা জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক স্পর্শ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। পুরো মাসজুড়ে তীব্র গরম ও চাহিদার চাপের মধ্যেও কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে বলে জানানো হয়েছে।
রোববার কেন্দ্র কর্তৃপক্ষের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, জাতীয় চাহিদার প্রেক্ষাপটে কেন্দ্রটি এককভাবে মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি সরবরাহ করেছে, যা গ্রিড ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করেছে।
এপ্রিলজুড়ে গড়ে প্রায় ৮০ শতাংশ প্লান্ট লোড ফ্যাক্টর বজায় রাখতে সক্ষম হয় কেন্দ্রটি। বিশেষ করে মাসের শুরুর দিকে যখন চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তখন প্রায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যায় তারা।
এটি রামপাল কেন্দ্রের জন্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক মাসে ৭০০ মিলিয়ন ইউনিটের বেশি উৎপাদনের ঘটনা এবার নিয়ে পাঁচবার ঘটল। ফলে এর ধারাবাহিক কার্যক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে জ্বালানি খাতে।
প্রযুক্তিগত দিক থেকে কেন্দ্রটি ‘আল্ট্রা-সুপারক্রিটিক্যাল’ প্রযুক্তিনির্ভর। এর সঙ্গে যুক্ত ফ্লু গ্যাস ডি-সালফারাইজেশন (FGD) ব্যবস্থা পরিবেশগত মান বজায় রাখার লক্ষ্যেই স্থাপন করা হয়েছে—যদিও বাস্তবে পরিবেশগত প্রভাব নিয়ে বিতর্ক এখনো পুরোপুরি থামেনি।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী বলেন, চাহিদার সময়েও এমন উৎপাদন সক্ষমতা মূলত নকশাগত শক্তি ও কর্মীদের সমন্বিত প্রচেষ্টার ফল। একই সঙ্গে তিনি এটিকে দুই দেশের যৌথ সহযোগিতার উদাহরণ হিসেবেও উল্লেখ করেন।
বর্তমানে কেন্দ্রটির দৈনন্দিন পরিচালনায় আছেন প্রশিক্ষিত বাংলাদেশি প্রকৌশলীরা, যারা ভারতের এনটিপিসির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে কাজ শিখেছেন। এতে স্থানীয় কারিগরি সক্ষমতা ধীরে ধীরে গড়ে উঠছে—এমন একটি দিকও তুলে ধরা হচ্ছে।
জ্বালানি বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, রামপাল কেন্দ্র দেশের বিদ্যুৎ সরবরাহে স্বল্পমেয়াদে চাপ কমাতে সহায়ক হয়েছে। তবে দীর্ঘমেয়াদে জ্বালানি উৎসের ভারসাম্য এবং পরিবেশগত প্রশ্নগুলো এখনো আলোচনার বাইরে নয়।






































