রূপপুরে ৫ স্তরের নিরাপত্তা নিশ্চিত: এমডি
- সর্বশেষ আপডেট ১০:৩৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 17
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা প্রতিরোধে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল), নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড অনুসারে এখানে ‘ডিফেন্স-ইন-ডেপথ’ ভিত্তিক বহুমাত্রিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, রাশিয়ার তৃতীয় প্রজন্মের উন্নত ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে, যেখানে স্বয়ংক্রিয় অ্যাকটিভ ও প্যাসিভ সেফটি সিস্টেম একসঙ্গে কাজ করে জরুরি পরিস্থিতিতে চুল্লি বন্ধ ও কোর শীতল রাখে। পাশাপাশি ডাবল কনটেইনমেন্ট স্ট্রাকচার, কোর ক্যাচার ও হাইড্রোজেন রিকম্বাইনারের মতো প্রযুক্তি দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
ফুকুশিমা দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্ল্যান্টে ৭ হাজারের বেশি স্বয়ংক্রিয় সেফটি ফাংশন রয়েছে, যা যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নিতে সক্ষম—এমনকি মানব উপস্থিতি ছাড়াও চুল্লি শাটডাউন করার ক্ষমতাও রয়েছে।
তিনি আরও জানান, পুরো কেন্দ্রটি ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। ব্যবহৃত জ্বালানি নির্দিষ্ট পুলে দীর্ঘ সময় নিরাপদে সংরক্ষণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক চুক্তির আওতায় পুনঃপ্রক্রিয়াকরণ বা ফেরত পাঠানোর ব্যবস্থাও রয়েছে।































