মঈন খানের মন্ত্রিত্বে নরসিংদীতে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
- সর্বশেষ আপডেট ০৮:১৬:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 92
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় নরসিংদীতে আনন্দ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। এ উপলক্ষে জেলা বিএনপি, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণও করা হয়েছে।
দলীয় নেতাকর্মীরা জানান, গত ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন ড. আবদুল মঈন খান। একই দিন রাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর পদটি শূন্য হয়।
মঈন খান মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পলাশসহ নরসিংদীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঘোড়াশাল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সোবাহান ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
ড. মঈন খানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপি; জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, এমপি, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, হারুন অর রশিদ, সারোয়ার হোসেন মৃধা, গোলাপ মঞ্জুর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, জেলা তাঁতীদলের সভাপতি মো. হুমায়ুন কবির কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পলাশ বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তার অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা বলেন, মঈন খানের মতো অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় নরসিংদীসহ সারাদেশের রাস্তাঘাট ও জনজীবনের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদী।
ড. আবদুল মঈন খান বিএনপির অন্যতম নীতিনির্ধারক এবং বর্তমানে দলটির স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে তিনি পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে বিএনপি সরকারের সময়ে তিনি তথ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মঈন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে বিএসসি (সম্মান) ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলবিদ্যায় পিএইচডি করেন। তিনি বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন।































