ফেসবুক পোস্টে ‘জয় বাংলা’ লিখে ছাত্রদল নেতা বহিষ্কার
- সর্বশেষ আপডেট ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 7
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় ছাত্রদলের এক ইউনিয়ন পর্যায়ের নেতাকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোনায়েম খানকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে স্থানীয় কমিটি। বিষয়টি নিশ্চিত করা হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল) ও সদস্যসচিব শাহিন আলম (জনি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ার পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয় এবং সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।
দলীয় সিদ্ধান্তের পর বিষয়টি স্থানীয়ভাবে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। তবে অভিযুক্ত মোনায়েম খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি—যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উপজেলা ছাত্রদল নেতৃত্বের দাবি, সংগঠনের শৃঙ্খলা ও অবস্থান বজায় রাখতেই এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

































