প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে গুরুত্ব দিলেন বকুল

- সর্বশেষ আপডেট ০৬:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 223
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রাক্-সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
সভায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সশস্ত্র বাহিনীর তিন শাখার সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং প্রতিরক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকের আলোচ্যসূচি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও মতবিনিময় করেন উপস্থিত প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা অন্যতম প্রধান দায়িত্ব। আধুনিক, দক্ষ ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় জোরদার করা জরুরি।
তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। এ জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রমে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিরক্ষা খাতের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

































