নড়িয়ার রাজনগরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ
- সর্বশেষ আপডেট ০৯:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 40
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের সাতঘরিয়া কান্দি গ্রামে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টার দিকে সাতঘরিয়া কান্দি গ্রামের বাবুল মাদবরের পরিত্যক্ত বাড়ির পাশের একটি কলাবাগানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা ফারুক মাতবরের স্ত্রী সালমা বেগম ও বিল্লাল মাদবরের স্ত্রী আসমা বেগম জানান, এশার নামাজের পর আবু সাঈদ মুন্সি ও আফজাল মাতবরের বাড়ির মাঝামাঝি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনেন তারা। শব্দে আশপাশের ছোট শিশুরা ঘুম থেকে উঠে কান্না শুরু করে। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা তারা দেখতে পাননি।
ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা আবু সাঈদ মুন্সির স্ত্রী জাহানারা ও তার মেয়ে ছাবিহা জানান, তাদের বসতঘর থেকে মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের প্রভাবে ঘটনাস্থলের গাছপালা ঝলসে গেছে বলেও দাবি করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য বাদশা মাদবরের ধারণা, প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিস্ফোরণের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
































