দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 9
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় রাজধানীর চারপাশের গুরুত্বপূর্ণ নদী; বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যার দূষণ নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা ফিরিয়ে আনা এবং ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।
সভায় প্রধানমন্ত্রী এ পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করে কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন।





























