জোড়া গোলে মেসির উড়ন্ত শুরু, মায়ামির দাপুটে জয়
- সর্বশেষ আপডেট ১২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 80
লিওনেল মেসির জোড়া গোল এবং নোয়া অ্যালেনের দুর্দান্ত তিন অ্যাসিস্টে ২০২৬ লিগস কাপে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার (স্থানীয় সময়) নিজেদের মাঠে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো ডি সান লুইসকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে ফ্লোরিডার ক্লাবটি।
গত আসরের ফাইনালে বর্ণবাদী আচরণের দায়ে ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা লুইস সুয়ারেজকে ছাড়াই মাঠে নামে মায়ামি। তবে নতুন সতীর্থ কাসেমিরোর সঙ্গে প্রথমবারের মতো শুরুর একাদশে খেলেন মেসি।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য সুখকর ছিল না। তৃতীয় মিনিটেই রক্ষণভাগের ভুলে এগিয়ে যায় অ্যাটলেটিকো ডি সান লুইস। তবে মাত্র পাঁচ মিনিট পরই সমতা ফেরান মেসি। নোয়া অ্যালেনের নিখুঁত ক্রস থেকে বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে গোল করে দলকে ম্যাচে ফেরান আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ-পরবর্তী বিরতির পর এটিই ছিল তার প্রথম গোল।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইন্টার মায়ামি। ভিএআরের কারণে একটি গোল বাতিল হলেও ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। অ্যালেনের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন টেলাস্কো সেগোভিয়া। পরে সান লুইসের পাওয়া একটি পেনাল্টিও ভিএআর পর্যালোচনার পর বাতিল করেন রেফারি।
প্রথমার্ধের শেষ দিকে আবারও আলো ছড়ান মেসি। অ্যালেনের তৈরি করা সুযোগ থেকে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর মাধ্যমে নোয়া অ্যালেনও পূর্ণ করেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন সেন্টার-ব্যাক মিকায়েল।
দ্বিতীয়ার্ধে দূরপাল্লার এক দুর্দান্ত শটে একটি গোল শোধ দেয় অ্যাটলেটিকো ডি সান লুইস। এরপর ৬৮তম মিনিটে বজ্রপাতের কারণে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
লিগস কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী শনিবার আরেক মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের মুখোমুখি হবে মেসির দল।



































