জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে বাসার সামনে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ০১:১৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 29
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তারা জিএম কাদেরকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।
‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। এ সময় তারা জিএম কাদেরের বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার বিচারের দাবি জানান।
বিক্ষোভে ব্যবহৃত ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। এতে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।
বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রাণহানির মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে চলেছে।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। তারা বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের সহযোগীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।
বিক্ষোভকারীরা অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় এনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





























