খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক
- সর্বশেষ আপডেট ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 10
অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজে হাজির হয়ে নেটিজেনদের চমকে দিয়েছেন। তাঁর নতুন ভ্লগের একটি পর্বে খালেদা জিয়ার চরিত্রের আদলে সাজসজ্জা ও উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন চমক। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরেন তিনি।
ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায়। তাঁর সাজ ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত লুকের সঙ্গে অনেকটাই মিলে যাওয়ায় ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
অনেকেই চমকের সাজ ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ মন্তব্য করেছেন, তাঁকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার কেউ বলেছেন, এতটা কাছাকাছি রূপায়ণ আগে দেখা যায়নি।
ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় আসেন চমক। সে সময় তিনি বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানান।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালে অভিনয়ে যাত্রা শুরু করেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংয়েও সক্রিয় চমক।




























