জামায়াত আমিরের দাবি
রংপুরের ৪ জন হত্যার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে
- সর্বশেষ আপডেট ০১:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 19
রংপুরে স্কুলশিক্ষক ও তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনাও তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে সাম্প্রতিক সময়ে সামাজিক অপরাধ, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও পরে হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছেও একই ধরনের ঘটনার কথা উল্লেখ করেন তিনি।
তার ভাষ্য, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরছে। এতে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তারা দ্রুত এর সমাধান চায়।
জামায়াত আমির বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রংপুরের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
একটার পর একটা অপরাধ ঘটলেও ভুক্তভোগীরা যথাযথ বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা মানুষের মধ্যে হতাশা তৈরি করছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সরকারের ব্যর্থতার দিকে শুধু তাকিয়ে না থেকে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।
শেষে সবাইকে সম্মিলিতভাবে অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির।




























