কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

- সর্বশেষ আপডেট ০৪:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 160
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল কাদির (৬৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে মোট ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ভৈরবে ১৩ জন, কিশোরগঞ্জ সদরে ১১ জন এবং কটিয়াদীতে ১০ জন রয়েছেন।
এ ছাড়া ইটনায় ছয়জন, করিমগঞ্জে পাঁচজন, হোসেনপুরে চারজন, কুলিয়ারচরে চারজন, বাজিতপুরে তিনজন, ডিবিতে তিনজন, তাড়াইলে দুজন, মিঠামইনে দুজন, অষ্টগ্রামে দুজন এবং পাকুন্দিয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের কাকটেংগুর গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি এলংজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
জেলা পুলিশ জানিয়েছে, আব্দুল কাদিরের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।































