ইউএনও’র অফিসে সাংবাদিকের ওপর হামলা
- সর্বশেষ আপডেট ১২:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 20
জয়পুরহাটের ক্ষেতলালে সংবাদ প্রকাশের জেরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) অফিসে হামলার শিকার হয়েছেন আমানউল্লাহ আমান নামে এক সাংবাদিক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা-উপজেলার সাংবাদিকরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে ও প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ইউএনও সানজিদা চৌধুরী। এমন সময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে প্রবেশ করেন। সেখানে অবস্থানরত অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আমানউল্লাহ আমানও বসেছিল। সম্প্রতি তার বিরুদ্ধে (বিএনপি নেতা) সরকারি পুকুরের মাটি ও বালু উত্তোলনের সংবাদ দৈনিক কালবেলায় প্রকাশ করার জেরে সাংবাদিক আমানউল্লাহ আমানের ওপর চড়াও হোন এবং তাকে গালিগালাজ করতে থাকেন। এ সময় পেছন থেকে বিএনপি নেতার সঙ্গে আসা কয়েকজন কর্মী সমর্থক আমানের ওপর হামলা করে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, সংবাদ প্রকাশের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক তার লোকজন হামলা ও মারপিট করে। বর্তমানে আমি চিকিৎসা নিচ্ছি। আগামীকাল অভিযোগ দায়ের করবো। আশাকরি আমি ন্যায় বিচার পাবো।
ঘটনার বিষয়ে ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, দুই-এক মিনিটের মধ্যে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তেমন বড় কোন ঘটনা ঘটেনি তবে ঠেলাঠেলি হয়েছে অন্য লোকজনের সাথে।
ক্ষেতলাল থানার ওসি মোক্তাদুল আলম সাংবাদিকদের বলেন, এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমাকে ফোন দিলে তার অফিসে গিয়ে আমি মারামারি দেখতে পাইনি তবে উত্তেজনাপূর্ণ পরিবেশ দেখি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তারপর অফিসের নিচে ৪০/৫০ জনের মতো বিক্ষুদ্ধ জনগণ দেখি। তাদেরকে সেখান থেকে সরিয়ে দিই।































