আমিরাতফেরত যাত্রীর পায়ুপথে ১.২৯ কেজি স্বর্ণ
- সর্বশেষ আপডেট ০৬:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 33
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে বিশেষভাবে লুকানো তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জ৯ ৫১৮) ঢাকায় আসেন আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রী।
কাস্টমস সূত্র জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল প্রিভেন্টিভ টিম। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় যাওয়ার পর ওই যাত্রীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট পাওয়া যায়। পরে পরীক্ষায় সেগুলো স্বর্ণ বলে শনাক্ত করা হয়।
কাস্টমসের তথ্য অনুযায়ী, প্রতিটি পেস্টের ওজন প্রায় ৪৩০ গ্রাম। তিনটির মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম এবং বিশুদ্ধতা ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, পেস্টগুলো পরিশোধন করলে আনুমানিক ১ কেজি স্বর্ণ পাওয়া যাবে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





























