আগাম জামিন চেয়েছেন আমির হামজা
- সর্বশেষ আপডেট ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 16
মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।



































