বজ্রপাতের শিশুসহ নিহত ১৪
- সর্বশেষ আপডেট ০১:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / 12
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আরও অনেকে আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়া উপজেলায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জন রয়েছেন।
গাইবান্ধা প্রতিনিধি জানায়, জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া, সুন্দরগঞ্জের ধোপাডাংগা ও ফুলছড়ি এলাকায় বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক ঘটনায় এসব মৃত্যু ঘটে।
নিহতদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার শিশু ফুয়াদ, তার চাচাতো ভাই শিশু রাফি এবং সাদুল্লাপুর উপজেলার আলী আকবরের নাম জানা গেছে। অন্য একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মণ্ডল জানান, রোববার দুপুরে দক্ষিণ ধোপাডাংগা এলাকায় একটি বাড়ির বারান্দায় খেলছিল শিশু ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি। এসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি জানান, ধোপাডাংগায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন।
অন্যদিকে সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মিজানুর রহমান নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে গাইবান্ধা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলছড়ি উপজেলার বুলবুলির চর এলাকায় বজ্রপাতে আলী আকবর নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া সাঘাটা উপজেলায় নম্বর আলী এবং ফুলছড়িতে অজ্ঞাত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে দেশের অন্যান্য জেলাতেও বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জে ২ জন, জামালপুরে ২ জন, নাটোরের সিংড়া উপজেলায় ১ জন, বগুড়ার গাবতলী উপজেলায় ১ জন এবং পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ১ জনের মৃত্যুর তথ্য সংশ্লিষ্ট প্রতিনিধিরা নিশ্চিত করেছেন।



































