অর্থনীতিতে গণতন্ত্রায়ণ চায় সরকার: অর্থমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৪:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 10
অর্থনীতির মূলধারার বাইরে থাকা জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, যারা এখনো মূল অর্থনৈতিক ব্যবস্থার বাইরে রয়েছে, তাদের অন্তর্ভুক্ত করতে সরকার কাজ করছে। নাগরিক হিসেবে এটি সবার অধিকার বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যেকোনো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয় এবং সেই মানদণ্ড পূরণ না হলে অনুমোদন দেওয়া হবে না। পিকেএসএফের কার্যক্রমকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন এবং এর পরিসর বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
নারীদের ভূমিকার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, পরিবার পরিচালনায় তাদের সঞ্চয় ও ব্যবস্থাপনা দক্ষতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এ কারণে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় তুলনামূলকভাবে কম, যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব সেবা জনগণের নাগালের মধ্যে আনা সরকারের লক্ষ্য।
বিশ্ববাজারে বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, হস্তশিল্প, ডিজাইন, সংস্কৃতি ও খেলাধুলার মতো খাতগুলো যথাযথ পরিকল্পনা ও বিনিয়োগ পেলে বড় অর্থনৈতিক খাতে পরিণত হতে পারে। তবে এসব ক্ষেত্রে এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।































