দেশে ডেঙ্গু–জলাতঙ্ক–হাম টিকা উৎপাদন করবে ইডিসিএল
- সর্বশেষ আপডেট ০৪:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 18
দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে ডেঙ্গু, জলাতঙ্ক ও হামের টিকা এবং সাপের কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম উৎপাদনের পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আ. সামাদ মৃধা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এক বছরের মধ্যেই উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে দেশের চাহিদা পূরণ করে ভবিষ্যতে রপ্তানির সুযোগও তৈরি হয়।
প্রাথমিকভাবে চার ধরনের টিকা উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে এবং বছরে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি ভায়াল টিকা উৎপাদন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ইডিসিএল জানায়, বর্তমানে দেশে এই টিকাগুলোর বড় অংশ আমদানি করতে হয়। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে খরচ প্রায় অর্ধেকে নেমে আসবে এবং সরবরাহ ব্যবস্থাও স্থিতিশীল হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশে ডেঙ্গু, জলাতঙ্ক ও হামের মতো রোগের প্রকোপ উদ্বেগজনক। একই সঙ্গে সাপের কামড়ে মৃত্যু ও জটিলতার ঘটনাও উল্লেখযোগ্য। এ অবস্থায় দেশীয় উৎপাদন জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
সরকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি বৃহৎ ভ্যাকসিন ও গবেষণা কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও নিয়েছে, যেখানে ভবিষ্যতে উন্নতমানের টিকা ও ওষুধ উৎপাদন সম্ভব হবে।





































