দিন ভেদে কেন আলাদা রঙের পোশাক পড়েন কম্বোডিয়ানরা!
- সর্বশেষ আপডেট ০২:০০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / 87
কম্বোডিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সমৃদ্ধ দেশ। এখানকার মানুষদের জীবনে বিশ্বাস আর রীতিনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই বিশ্বাসগুলোর মধ্যে একটি বিশেষ ও অদ্ভুত সংস্কৃতি হল- সপ্তাহের প্রতিটি দিনের সঙ্গে নির্দিষ্ট একটি রঙের যোগসূত্র এবং সেই অনুযায়ী পোশাক পরিধান করার রীতি।
কম্বোডিয়ার মানুষ বিশ্বাস করেন, সপ্তাহের প্রতিটি দিন একটি নির্দিষ্ট রঙের অধীনে আসে। সেই রঙের পোশাক পরিধান করলে ভাগ্য ভালো হয়, মন ভালো থাকে এবং দৈনন্দিন জীবনের নানা বাধা-দুর্গতিকে কাটিয়ে উঠতে সাহায্য করে।
সোমবার মানেই সাদা, মঙ্গলবার লাল, বুধবার সবুজ, বৃহস্পতিবার হলুদ/হলুদ বেগুনি, শুক্রবার নীল, শনিবার কালো বা ধূসর এবং রবিবার কমলা বা গোলাপী।
সাদা রঙ সবার জন্য শুভ এবং বিশুদ্ধতার প্রতীক, লাল রঙ শক্তি ও জীবনের প্রতীক। হলুদ রঙ শিক্ষা ও জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
কম্বোডিয়ার সিংহভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারি। প্রত্যেকদিনের এই রঙের সঙ্গে বিশেষ একটি দেবতার সম্পর্ক রয়েছে এবং সেই দেবতার আশীর্বাদ ও শক্তি সেই রঙের মাধ্যমে মানুষের ওপর প্রভাব ফেলে বলে বিশ্বাস করা হয়।
স্কুল থেকে শুরু করে অফিস, বাড়ি-ঘর, সব জায়গায় এই রীতির প্রভাব স্পষ্ট। বিশেষ করে গ্রামীণ এলাকায়, মানুষ সপ্তাহের প্রতিদিন সেই দিনের রঙের পোশাক পরার চেষ্টা করেন।
এটি কেবলমাত্র একটি রীতিনীতি নয়, বরং মানুষের জীবনে একটা ধারাবাহিক মানসিক শান্তি ও আশার প্রকাশ। রঙগুলোর মাধ্যমে তারা নিজেরা নিজেদের মধ্যে এক ধরনের মানসিক সংযোগ অনুভব করেন।
বাজারগুলোতেও দেখা যায় এই রঙের প্রচার। রঙিন কাপড় বিক্রেতারা সপ্তাহের প্রতিটি দিনের জন্য আলাদা আলাদা কাপড় সাজিয়ে রাখেন। গ্রাহকরা সেই অনুযায়ী কাপড় কিনে নেন।
এই সংস্কৃতি চলছে বংশপরম্পরায়। বাচ্চারা যখন ছোট, তখন থেকে শেখানো হয় কোন দিন কোন রঙের কাপড় পড়তে হবে।
এছাড়া, রঙের দিন পালন শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। তরুণ প্রজন্মও আজকের দিনে রঙিন পোশাক পরিধানকে সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে গ্রহণ করছে।
বিশেষ উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানে এই রঙের গুরুত্ব আরও বেড়ে যায়। উৎসবের প্রতিটি দিন নির্দিষ্ট রঙের পোশাক পরিধান করা হয়, যা সেই অনুষ্ঠানের ভাব ও উদ্দেশ্যকে তুলে ধরে।





























