প্রধানমন্ত্রীর কাছে বিএনপির মুখোশ খুলবেন আমির হামজা

- সর্বশেষ আপডেট ১২:০০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 8
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ তাঁর সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, কুষ্টিয়ায় সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা প্রধানমন্ত্রীকে জানাবেন। প্রয়োজনে অভিযুক্ত বিএনপি নেতাদের নামও সরাসরি তাঁর সামনে প্রকাশ করবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বুধবার রাতে শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও হামলার শিকার শাজাহান আলী উপস্থিত ছিলেন।
আমির হামজা বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। তাঁর সঙ্গে দেখা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তুলে ধরবেন তিনি। প্রধানমন্ত্রীর সামনে বিএনপি নেতাদের নাম উল্লেখ করে বলবেন, কারা এসব ঘটনা ঘটিয়েছে এবং কারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।
জামায়াতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটি ভিডিওতে শোনা গেছে, শাজাহান আলী বালুঘাট থেকে আগে ৩০ হাজার টাকা, পরে ৫০ হাজার টাকা এবং বর্তমানে প্রতিদিন এক লাখ টাকা করে নেন বলে অভিযোগ করা হচ্ছে। এসব অভিযোগের সমালোচনা করে আমির হামজা দাবি করেন, জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে। দলটি মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা মানুষের সঙ্গে প্রতারণায় বিশ্বাস করে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কঠোর সমালোচনা করেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, শুধু কুষ্টিয়া নয়, দেশের কোথাও পরিস্থিতি স্বাভাবিক নেই। গত ৫৫ বছরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। প্রশাসন কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সমালোচনা করে আমির হামজা বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁরা ব্যর্থ হয়েছেন। জনগণের করের টাকায় তাঁদের বেতন দেওয়া হলেও তাঁরা দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। এ অবস্থায় তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়ারও দাবি জানান তিনি।
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, কুষ্টিয়ায় মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে বলে তাঁর আশঙ্কা। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে মানুষের বাড়িঘর, সম্পদ ও সম্মান কোনোটিই নিরাপদ থাকবে না।
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তাঁর সফর ঘিরে জেলায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং বিভিন্ন স্থাপনা উদ্বোধনের প্রস্তুতিকেও স্বাগত জানান তিনি।
তবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির যোগাযোগ ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, একদিকে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থানের কথা বলছে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে দলটির প্রকাশ্য বক্তব্যের মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করায় বিএনপির নেতাকর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও হামলাকারীদের সঙ্গে ছিলেন বলে দাবি করেন তিনি।
শাজাহান আলী জানান, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাদের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।






























