বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা কারাগারে

- সর্বশেষ আপডেট ১০:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 12
বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন রাকিবুল হাসানকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান জানান, আসামির পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন রাকিবুল। সেগুলো যাচাই করা হচ্ছে। তদন্তের প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে। আপাতত সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।
এর আগে বুধবার চট্টগ্রাম জেলা গোয়েন্দা কার্যালয় থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে ঢাকায় আনা হয়। গ্রেপ্তারের সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বাধীন পুলিশ দল। এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশের সড়কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহত হন।
ওই বছরের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবির কর্মসূচি ঘোষণার আগে এ অভিযান চালানো হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে পল্টন মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়।
রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে।
































