সরকারের কাছে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ আ. লীগের ৮ দাবি

- সর্বশেষ আপডেট ০৯:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 8
পুড়িয়ে দেওয়া থানা পুনরায় চালু, জেলা থেকে বিজিবি প্রত্যাহার এবং স্বাভাবিক রেল যোগাযোগ চালুর দাবিসহ আট দফা দাবি জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের মানুষের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
জেলা আওয়ামী লীগের আট দফা দাবির মধ্যে রয়েছে, গোপালগঞ্জের সব বন্ধ থানা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং জেলা থেকে বিজিবি সদস্যদের প্রত্যাহার। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের স্বাভাবিক রেল যোগাযোগ পুনরায় চালু, জেলার উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখা এবং রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা পর্যালোচনা করে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সাব-রেজিস্ট্রার অফিস খুলে দিয়ে জমির দলিল নিবন্ধনসহ স্বাভাবিক সেবা চালু করা এবং গোপালগঞ্জের ব্যাংক লেনদেন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ করা।
বিবৃতিতে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও ক্ষয়ক্ষতির প্রসঙ্গও তুলে ধরা হয়। জেলা প্রশাসনের সংকলিত একটি নথির বরাতে বলা হয়েছে, ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। নথিতে এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
নথি অনুযায়ী, এ সময় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া যানবাহন, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির ১৫ থেকে ২০টি কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের আট থেকে ১০টি কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের তথ্য রয়েছে।
জেলা প্রশাসনের হিসাবে, এসব ঘটনায় কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে জেলা আওয়ামী লীগ দাবি করেছে, গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। রাজনৈতিক পরিচয়ের কারণে এ জেলার মানুষকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যোগাযোগ, বিচারিক সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত করা যাবে না। সরকারের যেসব সিদ্ধান্তকে তারা বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী মনে করে, সেগুলো প্রত্যাখ্যান করে দ্রুত আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দলটি।




































