৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করছে সরকার

- সর্বশেষ আপডেট ১২:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 53
দেশের ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ভূমির তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, সেবা গ্রহণ সহজ করা এবং প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি ভূমির মালিকানা সুরক্ষা জোরদার করার পরিকল্পনা রয়েছে।
চুক্তি অনুযায়ী, হোল্ডিং ও খতিয়ানের তথ্য সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। এতে নাগরিকেরা অনলাইনে ভূমির তথ্য সংগ্রহ, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। ফলে বিভিন্ন সেবার জন্য বারবার ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন কমবে।
সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, আধুনিক ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে নির্ভুল ডিজিটাল রেকর্ডের বিকল্প নেই। এ উদ্যোগ ভূমিসংক্রান্ত বিরোধ ও অনিয়ম কমানোর পাশাপাশি নাগরিকদের ভোগান্তি ছাড়াই নির্ভরযোগ্য সেবা পেতে সহায়তা করবে।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, নির্ভুল ভূমি রেকর্ডই মানসম্মত ভূমিসেবার ভিত্তি। রেকর্ডে ভুল থাকলে সংশ্লিষ্ট সেবাতেও ত্রুটি দেখা দেয়। তাই সরকারের লক্ষ্য শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড তৈরি করা।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্য ছাড়া আধুনিক ভূমি ব্যবস্থাপনা টেকসই করা সম্ভব নয়। রেকর্ডের মান উন্নত হলে নাগরিকদের দুর্ভোগ কমবে, ভূমিসংক্রান্ত বিরোধ হ্রাস পাবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, উন্নত ভূমি তথ্য শুধু প্রশাসনিক কার্যক্রমকে সহজ করে না, বরং সরকারি সেবা গ্রহণ এবং ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের পরিবেশও উন্নত করে। এ উদ্যোগে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা গড়ে তুলতেও কাজ করবে ইউএনডিপি।
অনুষ্ঠানে প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান।
ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির এই যৌথ উদ্যোগের প্রাথমিক কার্যক্রম শুরু হয় ২০২৫ সালে প্রাক্-পাইলট প্রকল্পের মাধ্যমে। পরবর্তী সময়ে আটটি জেলায় পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। দ্বিতীয় পর্যায়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ করা হয়।
এ পর্যন্ত অংশীদারত্বের আওতায় ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে।
রেকর্ড ডিজিটাল করার পাশাপাশি পুরোনো নথিতে থাকা অসংগতি শনাক্ত করতেও সহায়তা করছে ইউএনডিপি। নতুন উদ্যোগে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে একাধিক ধাপে যাচাই, মাঠপর্যায়ে তদারকি এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্যের মান পরীক্ষা করা হবে।
সংশ্লিষ্টদের আশা, এ কার্যক্রম বাস্তবায়িত হলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে, জালিয়াতির সুযোগ কমবে এবং নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসীসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা গ্রহণ আরও সহজ হবে।































