শান্তিকালীন পদক পেলেন নৌবাহিনীর ৪০ সদস্য

- সর্বশেষ আপডেট ১০:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 188
বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা এবং সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে নৌবাহিনীর সদস্যদের এই পদক দেওয়া হয়েছে।
এবার ছয়টি ক্যাটাগরিতে মোট ৪০ জন সদস্য পদক পেয়েছেন। এর মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেছেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান পদকপ্রাপ্ত সদস্যদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ব পালনের প্রশংসা করেন। তিনি দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং যেকোনো সংকট মোকাবিলায় নৌবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি নৌসদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও উদ্দীপনা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
আইএসপিআর জানায়, প্রতিবছর নৌবাহিনীর সদস্যদের অসামান্য অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শান্তিকালীন পদক দেওয়া হয়। পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা ও দেশসেবায় বিশেষ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পদকপ্রাপ্ত সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।































