রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ, অপেক্ষায় ১২ লাখ

- সর্বশেষ আপডেট ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 85
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা মামলার রায় ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এ রায় ঘোষণার কথা রয়েছে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা।
২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগসহ নানা ধরনের সহিংসতা চালানো হয়েছে। বিশেষ করে ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অভিযোগ, মিয়ানমারের সেনারা তাদের বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হত্যা ও নারীদের ধর্ষণ করেছে। দীর্ঘ নয় বছর ধরে নিজ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অস্থায়ী শিবিরে বসবাস করছেন তারা। মানবেতর এই জীবন থেকে মুক্তি পেয়ে নিরাপদে স্বদেশে ফেরার প্রত্যাশা করছেন এসব শরণার্থী।
রোহিঙ্গাদের ভাষ্য, আন্তর্জাতিক আদালতে তাদের পক্ষে রায় এলে মিয়ানমারের অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি হবে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া কয়েকজন রোহিঙ্গা বলেন, ‘আমরা এই রায়ে মিয়ানমারের জান্তা জেনারেল ও প্রেসিডেন্টের শাস্তি চাই। মানবিক কারণে বাংলাদেশ আমাদের আশ্রয় দিয়েছে। এ জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। তবে আমরা এখানে থাকতে চাই না। আমরা নিজেদের দেশে ফিরে যেতে চাই।’
রোহিঙ্গা নেতাদের দাবি, মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন ও গণহত্যার অভিযোগের পক্ষে আন্তর্জাতিক আদালতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এসব প্রমাণের ভিত্তিতে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ইউসিআরের চেয়ারম্যান সৈয়দ উল্লাহ বলেন, ‘এই মামলায় আমরা লাখ লাখ নথি জমা দিয়েছি। পাশাপাশি সাক্ষী ও ভুক্তভোগীদের সাক্ষ্যও জমা দিয়েছি। আমরা আত্মবিশ্বাসী যে রায় আমাদের পক্ষে আসবে।’
মানবাধিকারকর্মীরা মনে করছেন, রোহিঙ্গাদের কাছে এই মামলা শুধু আদালতের একটি আইনি প্রক্রিয়া নয়; বরং দীর্ঘদিনের নিপীড়ন, বঞ্চনা ও বাস্তুচ্যুতির আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার লড়াই। মামলার রায়ে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হলে রোহিঙ্গাদের অধিকার আদায় এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবিও নতুন গুরুত্ব পেতে পারে।
আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী তানভিরুল মিরাজ রিপন বলেন, ‘গণহত্যার বিষয়টি স্বীকৃতি পেলে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে তাদের প্রত্যাবাসনের একটি পথ তৈরি হতে পারে।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সহসভাপতি এম বেদারুল আলম বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিক আদালত রোহিঙ্গাদের ওপর যে নির্যাতন হয়েছে, তার পক্ষে রায় দেবেন। রোহিঙ্গাদের হত্যার দায়ে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’
রায় ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘এই রায়কে ঘিরে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। আমরা আশা করতে পারি, এ রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গারা নিরাপদে নিজেদের স্বদেশে ফিরে যেতে পারবে। তারা নিরাপদে ফিরে গেলে বাংলাদেশের ওপর যে চাপ রয়েছে, তা কমবে।’
রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে আদালতের সিদ্ধান্তের পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার, নিরাপত্তা এবং বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এসব শর্ত পূরণ না হলে তাদের স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবাসন অনিশ্চিতই থেকে যাবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের বিরুদ্ধে দায় নির্ধারণ করেন; কোনো ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার করে সরাসরি কারাদণ্ড দেন না। ফলে এই মামলার রায়ে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি গণহত্যা সনদ অনুযায়ী দেশটির আইনি বাধ্যবাধকতা কী হবে, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।































