অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দপ্তরির নিয়োগ বাতিল

- সর্বশেষ আপডেট ১১:৫৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 88
ভোলার চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশ্রাম কক্ষে দুই নারীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী শ্যামল চন্দ্র দাসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয় চলাকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান অভিযুক্ত কর্মচারীর নিয়োগ বাতিলের নির্দেশ দেন।
থানায় করা জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল চন্দ্র দাস (৪০) চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে। তিনি বিদ্যালয়টিতে দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার দুপুরে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন নামাজ আদায় করতে পাশের মসজিদে গেলে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, দুপুর ২টার দিকে শ্যামল বিদ্যালয়ের ভেতরে তাঁর নির্ধারিত বিশ্রাম কক্ষে দুই তরুণীকে নিয়ে যান। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা বিদ্যালয়ে প্রবেশ করে হৈচৈ ও বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্যামল ও ওই দুই নারীকে সেখান থেকে বের করে দেওয়া হয়।
পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ফিরে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে অবগত হন।
এ ঘটনায় শিক্ষার্থী ও বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত শ্যামল চন্দ্র দাসের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
চরফ্যাশন থানা পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষকের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।































