টুঙ্গিপাড়ায় হামলাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

- সর্বশেষ আপডেট ১১:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 58
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ক্ষেত্রে ভিডিও ফুটেজ, অডিও ও ছবি পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যারা থানায় হামলার আহ্বান জানিয়েছে, তাদের বক্তব্য, ভিডিও ও অডিও সরকারের কাছে সংরক্ষিত রয়েছে। আজ হোক বা কাল, ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ পর্যালোচনা করে হামলাকারীদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, যারা থানায় হামলা করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ করেছে কিংবা আন্দোলনের নামে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ডিএনএতে গণতন্ত্র নেই। তারা রাজনীতির নামে সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষ হত্যা, গুম ও নির্যাতন চালিয়েছে।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সীমান্তের ওপার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাদের গ্রামে গ্রামে আগুন দেওয়ার নির্দেশনা দিতে দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টুঙ্গিপাড়ায় থানা ও সংসদ সদস্যের বাড়িতে হামলার পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলা চালানো হয়েছে। আগুন দেওয়া ও মানুষ পুড়িয়ে মারার মতো কর্মকাণ্ড তাদের রাজনৈতিক চর্চার অংশ ছিল বলেও মন্তব্য করেন তিনি।
































