চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, সুযোগ নেই

- সর্বশেষ আপডেট ০৪:১৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 87
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে ‘উদ্ভট’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। এমনকি সরকার বা চিফ প্রসিকিউটরেরও নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, আইনের ভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়। অর্থাৎ কোনো মামলার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে নতুন করে বিচার পরিচালনা করা। একসময় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে এ ধরনের বিচারব্যবস্থার বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে।
তিনি বলেন, যে দেশ নিজেরাই এ ধরনের বিচারপ্রক্রিয়া অনুসরণ করে না, সেই দেশ অন্য একটি দেশকে পুনর্বিচারের পরামর্শ দেয় কীভাবে, তা বোধগম্য নয়।
ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করার সময় থেকেই দেশটির সরকার বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত ছিল। বিচার শুরু হওয়ার সময় ভারত কেন তাঁকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়নি? কেন সময়মতো আপিল করার কথা বলেনি? আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, তখন শেখ হাসিনাকে বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলা কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া যেত। কিন্তু সেই সময় পার হওয়ার পর পুনর্বিচারের কথা বলা হচ্ছে।
ভারতের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনাকে নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার সরকার কিংবা চিফ প্রসিকিউটরের নেই। বিষয়টি সম্পূর্ণ আইনের ওপর নির্ভরশীল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও বিচারপ্রক্রিয়ার বিধিমালা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে। পরবর্তী সময়ে ২০১০ সালে এই আইনের অধীনে বিচার পরিচালনার জন্য বিধিমালা তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত আইন ও বিধিমালা অনুসরণ করেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।
আমিনুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি। বিদ্যমান আইন অনুযায়ী বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনি ভিত্তি ছাড়া সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও পক্ষে নতুন করে আপিলের সুযোগ তৈরি করা সম্ভব নয়।































