বেতুয়া প্রশান্তি পার্কে পর্যটকদের ঢল: নতুন রূপ পেল চরফ্যাশন

- সর্বশেষ আপডেট ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 180
ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর তীরঘেঁষা বেতুয়া প্রশান্তি পার্ক এখন ভ্রমণপিপাসুদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। নদীর রূপালী ঢেউ আর গ্রামীণ প্রকৃতির স্নিগ্ধ আবহে গড়ে ওঠা এই পার্কটি নতুন সাজে সেজে ওঠার পর থেকেই দেশজুড়ে পর্যটকদের নজর কেড়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের দূরদর্শী উদ্যোগে পার্কটিতে সংযোজিত হয়েছে ‘ভালোবাসার চরফ্যাশন’ নামক একটি নান্দনিক ও শৈল্পিক উপস্থাপনা। প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার এই অপূর্ব মেলবন্ধন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের মাঝেও ব্যাপক কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই অঞ্চলের অপার পর্যটন সম্ভাবনাকে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও রুমানা আফরোজ আশা প্রকাশ করে বলেন, সঠিক রক্ষণাবেক্ষণ এবং পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বেতুয়া প্রশান্তি পার্কটি আগামী দিনে দেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপ নেবে।































