অস্ত্র উদ্ধার
সেনা অভিযানে পালালেন ইউপিডিএফের চিফ কালেক্টর

- সর্বশেষ আপডেট ১২:২৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 141
খাগড়াছড়ির বাঘাইহাট জোনের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবুর ফেলে যাওয়া একটি দেশীয় পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (৭ নভেম্বর) রাঙামাটির রানাসাবা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রানাসাবা পাড়া এলাকায় অভিযান চালানোর সময় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে রূপেশ চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, তিনটি অ্যামোনিশন, একটি দেশীয় চাকু, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চার্জার, ফোনের কভার, কালো রঙের একটি টাকা সংগ্রহের ব্যাগ, লাইটারের ব্যাটারি, চারটি কম্বল, নগদ টাকা, চাঁদা আদায়ের সাতটি রশিদ বই, একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল এবং পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।































