শ্রমিক বিক্ষোভে উত্তাল আশুলিয়া, পুলিশের টিয়ারগ্যাস

- সর্বশেষ আপডেট ১২:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 73
সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিক বিক্ষোভের কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

































