হাইকোর্টে আখতারুজ্জামানের জামিন আবেদন
- সর্বশেষ আপডেট ১১:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 50
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
রোববার (১ নভেম্বর) তার জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।
এর আগে একই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২৬ নভেম্বর শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজের নির্দেশ দেন। এর আগেও গত ৪ অক্টোবর তার জামিন আবেদন নাকচ হয়েছিল।
গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে আখতারুজ্জামানের বিরুদ্ধে। এ ঘটনায় ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানার নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। সকাল ৮টা ৫৫ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহের জন্য তারা ৮ নম্বর বেল্টে যান। সেখানে যাত্রীর অতিরিক্ত চাপের কারণে ট্রলি সংকট ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
এ সময় কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি লাগেজ পেতে দেরি হওয়া ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করা হয়।


























