১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে সংশয়

- সর্বশেষ আপডেট ০৯:৪৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 229
দীর্ঘ আট মাসের বেশি সময় পর্যটকশূন্য থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। তবে পর্যটন মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে জাহাজ চলাচলের অনুমতি ও ট্রাভেল পাসের সফটওয়্যার জটিলতায় ভ্রমণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত চলবে পর্যটন কার্যক্রম। একই সঙ্গে মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যটকদের দ্বীপে রাতযাপনের অনুমতিও দেওয়া হয়েছে। তবে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা দিতে হবে। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত বিধিনিষেধও মানতে হবে।
পর্যটন চালুর ঘোষণায় দ্বীপের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সংস্কার ও প্রস্তুতির কাজ শুরু করেছে। পর্যটকেরাও জাহাজের টিকিট এবং আবাসনের জন্য যোগাযোগ করছেন। তবে প্রয়োজনীয় অনুমতি ও টিকিট বুকিংয়ের সফটওয়্যার চালু না হওয়ায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু হবে কি না, তা নিয়ে সংশয় কাটছে না।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, এমবি কর্ণফুলী, বার আউলিয়া ও এমবি টেকনাফ পর্যটক পরিবহনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে। তিনটি জাহাজের মোট ধারণক্ষমতা প্রায় ২ হাজার ৩০০ জন। তবে নৌপরিবহন অধিদপ্তরের ভয়েস লাইসেন্স, বিআইডব্লিউটিএর রুট পারমিট ও সময়সূচি এবং কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, পর্যটকদের টিকিট বুকিংয়ের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার চালু হওয়াও জরুরি। কিন্তু এখনো সেটি চালু হয়নি। দু-এক দিনের মধ্যে সমস্যাগুলো সমাধান হতে পারে বলে আশা করছেন তাঁরা। তবে প্রথম কয়েক দিন জাহাজ চলাচলে জটিলতা দেখা দিতে পারে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য পর্যটন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন। জাহাজ কর্তৃপক্ষ সব অনুমতির কাগজপত্র জমা দিলে জেলা প্রশাসন চূড়ান্ত অনুমোদন দেবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, গতবারের মতো এবারও ট্রাভেল পাস নিয়ে পর্যটকদের সেন্টমার্টিন যেতে হবে। এ জন্য কারিগরি প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে দ্রুত কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে সেন্টমার্টিনে রাতযাপনের সুযোগ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিও দূর করেছে সরকার। গত ২৫ অক্টোবরের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত ২৭ অক্টোবর সংশোধন করে জানানো হয়, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পুরো পর্যটন মৌসুমেই দ্বীপে রাতযাপন করতে পারবেন পর্যটকেরা। আগের সিদ্ধান্তে নভেম্বর মাসে দিনে গিয়ে একই দিন ফিরে আসার নির্দেশনা থাকায় এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএর ঘাট থেকে পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। দ্বীপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, পর্যটন চালুর খবরে স্থানীয় মানুষের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। পর্যটক যাওয়া শুরু হলে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সচল হবে। তবে সময়মতো জাহাজ চলাচল শুরু না হলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, পর্যটকদের নিরাপত্তায় কোস্টগার্ড, বিজিবি, নৌবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি হোটেল-রিসোর্টে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ ও কেয়া ফল সংগ্রহ নিষিদ্ধ। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক-ঝিনুকসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা এবং সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চালানো যাবে না।































