থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ ৪৫ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 21
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নিম্নভাগের চারটি প্রদেশে মেলিওডোসিস (Melioidosis)বা মাটির জ্বরে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়েছেন ৫৭০ জন। দূষিত মাটি ও পানির সংস্পর্শ থেকে সংক্রমণ এড়াতে কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
নাখন রাতচাসিমা প্রদেশে অবস্থিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ দপ্তর-৯-এর পরিচালক ডা. সাইলাক ফিমখো বৃহস্পতিবার জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব তথ্য নথিভুক্ত করা হয়েছে।
প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে বুরি রাম-এ। সেখানে ২৪৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১২ জনের মৃত্যু হয়েছে। এরপর সুরিনে ১৩৯ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু হয়েছে। নাখন রাতচাসিমায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন, মারা গেছেন ১৭ জন। আর চাইয়াফুমে ৫০ জন আক্রান্ত হয়েছেন এবং পাঁচজনের মৃত্যু হয়েছে।
বয়সভিত্তিক হিসাবে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে ৫৫ থেকে ৬৪ বছর এবং ৪৫ থেকে ৫৪ বছর বয়সীরা।
দপ্তরটি সতর্ক করে জানিয়েছে, দীর্ঘ সময় ধরে বৃষ্টি ও বন্যা চললে এ রোগে সংক্রমণের ঝুঁকি বাড়ে। এ সময় মানুষ ভেজা মাটি, কাদা ও দূষিত পানির সংস্পর্শে বেশি আসে।
মেলিওডোসিস রোগের জন্য দায়ী বারখোল্ডেরিয়া সিউডোম্যালেই নামের একটি ব্যাকটেরিয়া, যা প্রাকৃতিকভাবে মাটি ও পানিতে থাকে। ত্বকের কাটা বা ক্ষতস্থান দিয়ে, দূষিত ধুলা বা পানির ক্ষুদ্র কণা শ্বাসের সঙ্গে গ্রহণের মাধ্যমে কিংবা দূষিত পানি বা খাবার খাওয়ার ফলে শরীরে এ সংক্রমণ ছড়াতে পারে। গুরুতর ক্ষেত্রে এ রোগে মৃত্যু হতে পারে।
বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষক এবং ঘরবাড়ি পরিষ্কার করতে যাওয়া মানুষদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ, তাদের মাটি ও পানির সংস্পর্শে আসার ঝুঁকি বেশি।
স্বাস্থ্য কর্মকর্তারা সম্ভব হলে দূষিত হতে পারে এমন মাটি ও পানির সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। যাদের জমিতে কাজ করতে হবে বা বন্যাকবলিত এলাকা পরিষ্কার করতে হবে, তাদের রাবারের বুট, গ্লাভস এবং লম্বা প্যান্ট বা উপযুক্ত জলরোধী পোশাকসহ সুরক্ষাসামগ্রী পরতে বলা হয়েছে।
দপ্তরটি জানিয়েছে, যাদের শরীরে খোলা ক্ষত রয়েছে, ক্ষত পুরোপুরি না শুকানো পর্যন্ত তাদের মাটি ও পানির সংস্পর্শ এড়িয়ে চলা উচিত।
সূত্র: খাওসোদ ইংলিশ
































