রায়পুরায় ৩ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার তিনজন

- সর্বশেষ আপডেট ০৮:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 154
নরসিংদীর রায়পুরায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ ও ২০ অক্টোবর পরিচালিত এসব অভিযানে একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর এলাকার বিজয় মিয়া (২৩), নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯) এবং চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মো. ইসমাইল (৩৫)।
পুলিশ জানায়, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।
পুলিশের প্রেস নোট অনুযায়ী, ১৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর মরজাল এলাকার বাঘমারা সেতুতে চেকপোস্ট বসানো হয়। রাত পৌনে ১০টার দিকে একটি মোটরসাইকেলে থাকা বিজয় মিয়া ও জুম্মন মিয়াকে তল্লাশি করা হয়। এ সময় বিজয়ের পরিহিত হাফপ্যান্টের কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁদের ব্যবহৃত নিবন্ধনবিহীন কালো রঙের একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় ১৯ অক্টোবর রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।
অন্যদিকে, ২০ অক্টোবর চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজীবাড়ির মোড়সংলগ্ন ঈদগাহ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, ইসমাইলের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর মায়ের বসতঘরের চালের ড্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাঁর নিজের বসতঘর থেকে আরও একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ অক্টোবর রায়পুরা থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।
রায়পুরা থানা-পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত কার্যক্রম চলছে। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ও পুলিশি নজরদারি অব্যাহত থাকবে।

































