নরসিংদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

- সর্বশেষ আপডেট ১২:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 183
নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় চিনিশপুরে নরসিংদী জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাছান।
সভাপতির বক্তব্যে মহসীন হোসাইন বিদ্যুৎ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা ও ভয়ভীতি উপেক্ষা করে যুবদলের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও যারা রাজপথে থেকে সংগঠনের কর্মসূচি সফল করেছেন, তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলেও দল সংকট বা বিপদের মুখে পড়লে অনুপ্রবেশকারীদের পাশে পাওয়া যাবে না। এ কারণে দলের স্বার্থে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন মানবিক কর্মসূচি নেওয়ার উদ্যোগের কথাও জানান মহসীন হোসাইন বিদ্যুৎ। এ সময় বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের স্মরণ করেন তিনি।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া, সহসভাপতি মাহমুদুল হাসান চৌধুরী সুমন, সফিকুল ইসলাম সফিক, অ্যাডভোকেট আল-আমিন বিপ্লব ও নাসিক আহমেদ আনন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন, সদস্যসচিব নুর আহমেদ চৌধুরী মানিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সোহেল আহমেদ ও সদস্যসচিব সমন নেওয়াজসহ জেলা, উপজেলা এবং ১৩টি ইউনিটের নেতাকর্মীরা সভায় অংশ নেন।































