ক্ষতিগ্রস্ত দুই ভবন
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

- সর্বশেষ আপডেট ০৪:০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 139
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা অংশ নেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে কারখানাটির দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা। পরে বিজিবির সদস্যরাও উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেন।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশসহ বিভিন্ন শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। সড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

































