ফায়ার সার্ভিসের ২১ ইউনিট
টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী-বিজিবি
- সর্বশেষ আপডেট ০২:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 22
গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুন নেভানোর কাজে সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ২১টি ইউনিট কাজ করছে।
দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে বিজিবিও যোগ দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশসহ বিভিন্ন শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে জানা যাবে।
কারখানার পাশাপাশি পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।






























