ইউনূসকে নিয়ে মুখ খুললেন লামিয়া মোরশেদ
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 188
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার ঘটনার পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে মুখ খুলেছেন তার সফরসঙ্গী লামিয়া মোরশেদ। তিনি জানিয়েছেন, ড. ইউনূস ভালো আছেন এবং এ ঘটনায় তাঁর কোনো ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ড. ইউনূসের দুটি শিশুর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করে এ কথা জানান ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও সাবেক অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, জেএফকে বিমানবন্দরে কয়েকজন ব্যক্তি ড. ইউনূসকে ঘিরে ধরার কয়েক মিনিট আগেই ছবিগুলো তোলা হয়েছিল। পুরো সফরপথে তিনি ভালোবাসা ও সম্মান পেয়েছেন বলেও উল্লেখ করেন লামিয়া মোরশেদ।
ঘটনাটির নিন্দা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণে তাঁদের চরম বর্বরতা ও হীনতা প্রকাশ পেয়েছে। তবে এতে ড. ইউনূসের কোনো ক্ষতি হয়নি। এ সময় দুঃসময়ে পাশে দাঁড়িয়ে বার্তা পাঠানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা করার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে তাঁর পথরোধ করে স্লোগান দিতে দেখা যায়।
পরিস্থিতি সামাল দিতে তাঁর সফরসঙ্গীরা হুইলচেয়ার ঘুরিয়ে দ্রুত তাঁকে টার্মিনালের ভেতরে নিরাপদ স্থানে নিয়ে যান। এ সময় কয়েকজনকে তাঁর পেছনে ছুটে বিভিন্ন মন্তব্য ও স্লোগান দিতে দেখা যায়। সফরসঙ্গীদের দ্রুত পদক্ষেপে ড. ইউনূস নিরাপদে গন্তব্যে পৌঁছান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
































