ফুটবলে বদলাচ্ছে উপকূলের মেয়েদের জীবন

- সর্বশেষ আপডেট ০৩:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 343
সাতক্ষীরার শ্যামনগরের ৯ নং বুড়িগোয়ালিনীর ৩৬ নং আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়। বিকেলে এই বিদ্যালয়ের মাঠে ফুটবল অনুশীলন করছিলো ব্রেকিং দ্য সাইলেন্সের বুড়িগোয়ালিনী স্পিরিট প্রকল্পের বালিকা ফুটবল দলের চৌদ্দ খেলোয়াড়। তাদের লক্ষ্য এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফুটবল প্রতিযোগিতায় জিতে আসা। সেই স্বপ্ন নিয়েই তারা কঠোর অনুশীলন করে চলেছে। ফুটবল খেলা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
এই দলের সেরা খেলোয়াড় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী রূপালি মণ্ডল। বাবা কৃষিকাজের সঙ্গে যুক্ত হলেও বাবা-মা চান মেয়ে ফুটবল খেলায় সুনাম কুড়াক। দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় রূপালি। ওরা দুই বোন স্পিরিট প্রকল্পের আওতায় ফুটবল খেলে। ২০২৫ সালে প্রতিবেশী এক বান্ধবীর মাধ্যমে জানতে পারে, ফুটবল খেলোয়াড় বাছাই করার জন্য ব্রেকিং দ্য সাইলেন্স থেকে একজন নাম নিতে আসবেন। সেই থেকেই শুরু তার ফুটবল খেলা। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতনে বালিকা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে রূপালি। বুড়িগোয়ালিনী একাডেমিরও নিয়মিত খেলোয়াড় সে। চলতি বছরের জুন মাসে বাফুফে খেলার সুযোগ পেয়েছে।
রূপালি মণ্ডল (১৩) বলল, বাফুফে খেলে যাতে জিতে আসতে পারি, সেজন্য নিয়মিত দুঘণ্টা ফুটবল অনুশীলন করছি বালিকা দলের খেলোয়াড়রা। খেলতে গিয়ে যাতে লেখাপড়ার ক্ষতি না হয় সেদিকেও নজর রয়েছে। লেখাপড়া-খেলাধুলা দুটোই চালিয়ে যাবো। এজন্য একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। অভিভাবকের সঙ্গে সঙ্গে শিক্ষকরাও খেলায় উৎসাহ দেয়। বিদ্যালয়ের ফুটবল প্রতিযোগিতায়ও অংশ নিই।
স্পিরিট প্রকল্পের বালিকা ফুটবল দলের গোলকিপার নাজিরা খাতুন। থাকে মঞ্জু সর্দার গ্যারেজ এলাকায়। আবাদ চন্ডিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষার্থী। বাবা দলিল লেখক, মা গৃহিণী। বাবা-মায়ের একমাত্র সন্তান। ব্রেকিং দ্য সাইলেন্সের স্পিরিট প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটর সোনিয়া আক্তারের মাধ্যমে স্পিরিট প্রকল্পের ফুটবল দলে যুক্ত হওয়ার সুযোগ পায়। তখন তার বয়স ছিল সাড়ে ১৩ বছর। ফুটবল অনুশীলন করে নিজের যোগ্যতারও প্রমাণ দিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফুটবল অনূর্ধ্ব ১৫ তে সুযোগ পেয়েছে। পরিবারও তাকে ফুটবল খেলায় উৎসাহ দিচ্ছে।
নাজিরা খাতুন (১৪) এর মতে, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্পিরিট প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলেটর বিদ্যালয় পড়–য়া মেয়েদের ফুটবল খেলায় উৎসাহিত করেন। সংগৃহীত মেয়েদের নিয়ে সেশন করেন। কয়েকজন মিলে ভ্যানে করে বাড়ি থেকে মাঠে অনুশীলন করতে যাই।
সাতক্ষীরার নতুন কুঁড়িতেও খেলার সুযোগ পেয়েছে সে। জুলাই মাসে অনুষ্ঠিত এই খেলায় একটি দলকে হারায় তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়মিত অনুশীলন করছে। এই অনুশীলনে সহযোগিতা করছে ব্রেকিং দ্য সাইলেন্সের স্পিরিট প্রকল্প।
প্রতিদিন বেলা ৩ টা থেকে ৫টা পর্যন্ত কোচ তাদের অনুশীলন করায়। ফুটবল খেলায় অংশ নেওয়া বেশির ভাগ বালিকারা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। তারা ফুটবল খেলায় অংশ নিলেও খেলার সরঞ্জাম কেনার সামর্থ্য নেই। প্রত্যেক খেলোয়াড়কে জার্সি, ইনার, থাই, বুট, মোজা, এংলেট, পানির পট, হ্যান্ড গালভস, সেফ গার্ড ব্রেকিং দ্য সাইলেন্সের স্পিরিট প্রকল্প থেকে দেওয়া হয়েছে।
আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল অনুশীলন করছিল স্ট্রাইকার ইয়াসমিন সুলতানা। তিন বোনের মধ্যে দ্বিতীয়। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির শিক্ষার্থী। চৌদ্দ বছর বয়সে বড় বোনের বিয়ে হয়েছে। দুটি কন্যা সন্তানের মা হয়েছে। বড় বোনের স্বপ্ন ভঙ্গ হওয়ায় সে নিজেকে বড় বোনের জায়গায় দেখতে চায় না।
ইয়াসমিন সুলতানার (১৩) মতে, বড় বোনের মতো বাল্যবিয়ের শিকার হতে চাই না। লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলাটাও চালিয়ে যেতে চাই। আমাদের বিদ্যালয়ে ব্রেকিং দ্য সাইলেন্সের কমিউনিটি ফেসিলেটর সোনিয়া আক্তার আপু মেয়েদের নিয়ে সভা করতেন। বাড়িতে গিয়ে অভিভাবক, মেয়েদের সঙ্গে কথা বলতেন। ফুটবল খেলায় উৎসাহিত করতেন। তার মাধ্যমে স্পিরিট প্রকল্পে ফুটবল খেলায় যুক্ত হয়।
ইয়াসমিন সুলতানা বলে, আমার খেলা দেখে সাত বছর বয়সী বোনও খেলতে চায়। কিন্তু বাড়িতে ফুটবল নেই। ফুটবল কেনার সামর্থ্য নেই। একটা ফুটবল থাকলে ছোট বোনকে খেলা শেখাতে পারতাম। ওর সঙ্গে বাড়িতেও অনুশীলন করতে পারতাম। ও একজন ফুটবল খেলোয়াড় হতে চায়। মাঝে মাঝে মুন্সিগঞ্জের ধানখালিতে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠেও ফুটবল অনুশীলন করি। ফুটবল অনুশীলন করতে গিয়ে কোচ স্যার খেলার খুঁটিনাটি বিষয়গুলো শেখান। বিপক্ষের দৃষ্টি এড়িয়ে কিভাবে বল পাস করতে হয়, গোল দিতে হয় ইত্যাদি বিষয়গুলো রপ্ত করছি।
মাহফুজা আক্তার জিম মুন্সিগঞ্জের ১৬৬ নং ধানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী। মধ্য মাঠের খেলোয়াড় জিমের পায়ে বল এলে প্রতিপক্ষের বল পাওয়া কঠিন হয়ে পড়ে। তার পার্সিও সুন্দর। বাবা পেশায় একজন মিস্ত্রি। তিন বোনের মধ্যে সবার ছোট মাহফুজা আক্তার জিম। আরেক ফুটবল খেলোয়াড় ইয়াসমিন সুলতানার মাধ্যমে এ বছর স্পিরিট প্রকল্পের ফুটবল খেলায় যুক্ত হয়েছে সে। তার মা চায় মেয়ে ফুটবল খেলে সুনাম কুড়াক।
মাহফুজা আক্তার জিম (১২) জানায়, বাড়ির পাশে আরেক খেলোয়াড়ের সাথে প্রতিদিন অনুশীলন করতে আসে।
কোচ মোঃ মাসুম বিল্লাহ বুড়িগোয়ালিনী স্পিরিট প্রকল্পের বালিকা ফুটবল দলকে বাফুফের আয়োজিত ঢাকা একাডেমিক কাপ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত করছেন। আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে কথা হলো তার সঙ্গে।
কোচ মোঃ মাসুম বিল্লাহ বললেন, বুড়িগোয়ালিনী স্পিরিট প্রকল্পের আওতায় শ্যামনগরের তিনটি ইউনিয়নের ৯০ জন ফুটবল খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে কয়েকজন একাডেমিতেও খেলছে। আড়পাংগাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মুন্সিগঞ্জ নেটজানিয়া বিদ্যালয়, হরিনগরে বনশ্রী শিক্ষা নিকেতন, দীপায়ন মাধ্যমিক বিদ্যালয় ইত্যাদি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা স্পিরিট প্রকল্পের সঙ্গে যুক্ত তারা নিয়মিত ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। এছাড়া তারা বুড়িগোয়ালিনী যুব বেসিক ফুটবল একাডেমিতেও অনুশীলন করছে। এই খেলোয়াড়দের খেলার সরঞ্জাম দিয়েছে স্পিরিট প্রকল্প জানালেন মোঃ মাসুম বিল্লাহ।
তিনি আরো বলেন, এই উদ্যোগের কারণে উপকূলীয় এলাকার মেয়েরা ফুটবল খেলার সুযোগ পেয়েছে।
ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরার ম্যানেজার, প্রোগ্রাম ও ডিস্ট্রিক্ট ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম জানালেন, ব্রেকিং দ্য সাইলেন্স তের দে হোম এর সহযোগিতায় স্পিরিট প্রকল্পের আওতায় প্রতি বছর সাতক্ষীরার ৫টি উপজেলার ১৫টি ইউনিয়নের ১২ থেকে ২৪ বছর বয়সী প্রায় ২,৭০০ শিশু ও তরুণকে খেলাধুলায় সম্পৃক্ত করা হয়। যাতে খেলাধুলার মাধ্যমে শিশু ও তরুণদের জীবনদক্ষতা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা বিকাশ হয়।
তিনি আরো বলেন, নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা শুধু শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠছে না। বরং খেলাধুলার মাধ্যমে অর্জিত জীবনদক্ষতাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের এবং কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে সক্ষম হচ্ছে। তারা স্থানীয় পর্যায়ে সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করে নিজেরাই সমাধানের উদ্যোগ গ্রহণ করছে । প্রয়োজন অনুযায়ী ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করে সমস্যার কার্যকর ও টেকসই সমাধানের চেষ্টা করছে।
একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে অর্জিত আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও ইতিবাচক মানসিকতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। এর ফলে তাদের মধ্যে নেতৃত্ব, দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা, সমস্যা সমাধান, যোগাযোগ এবং সামাজিক সম্পৃক্ততার সক্ষমতা বেড়েছে।
মোঃ শরিফুল ইসলাম বলেন, খেলাধুলা খেলোয়াড়দের কাছে শুধু বিনোদন বা শরীরচর্চার মাধ্যম নয়। এটি এখন জীবনদক্ষতা অর্জন, নেতৃত্ব বিকাশ, সমস্যা সমাধান এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম।
































