আশুলিয়ায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন

- সর্বশেষ আপডেট ০২:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 137
সাভারের আশুলিয়ায় ১৯টি তুলার গোডাউন ও দুটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে জামগড়ার কাঠালতলা মোড় এলাকায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি তুলার গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের দুটি শ্রমিক কলোনিতেও আগুন ছড়িয়ে যায়। এতে অন্তত ১৫টি বসতকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের কারণে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।































