বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

- সর্বশেষ আপডেট ১২:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 148
সিলেটের বিশ্বনাথে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
সরেজমিনে দেখা যায়, ১৪৪ ধারা জারির পর বিশ্বনাথ পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে বুধবার রাতে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহেদ বিন কাশেম এ নিষেধাজ্ঞা জারি করেন। পরে রাতেই প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরে মাইকিং করা হয়।
প্রশাসনের আদেশ অনুযায়ী, বিশ্বনাথ পৌরসভার কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং অস্ত্র বা বিস্ফোরক বহন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৭ সেপ্টেম্বর জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে লামাকাজী ইউনিয়নের ভুরকি ও ইসবপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় এক পক্ষের নেতৃত্বে ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া। অপর পক্ষের ছিলেন ইসবপুর গ্রামের ক্রেতা হাজী সফির মিয়া (৬৫)। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একই স্থানে ও একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয় দুই পক্ষ। কবির হোসেন ধলা মিয়ার সমর্থনে বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অন্যদিকে হাজী সফির মিয়ার সমর্থনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।
দুই পক্ষের মুখোমুখি অবস্থানের আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এদিকে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির নেতারা জরুরি সভা করে দলীয় পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশ দিয়েছেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে সভায় আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। পরে আইন মেনে কবির হোসেনের পক্ষ থেকে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, সকাল ৯টা থেকে ১৪৪ ধারা কার্যকর রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে পৌর শহরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়কে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।






























