রাষ্ট্রায়ত্ত ব্যাংক-প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ

- সর্বশেষ আপডেট ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 166
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে-স্কেল ২০২৬ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
বুধবার (৭ অক্টোবর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসন শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতাভুক্ত স্বশাসিত (পাবলিক বডিজ) ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিভাগের জারি করা গেজেটের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট জারি করে অর্থ বিভাগ। ওই গেজেটের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব সারমিন সুলতানার সই করা চিঠিটি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকসহ মোট আটটি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হলো—সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি।
এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গেজেটের অনুলিপি পাঠানো হয়েছে। পাশাপাশি দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির পরিচালককেও গেজেটের কপি দেওয়া হয়েছে।
চিঠির সঙ্গে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেটের দুটি কপি সংযুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গেজেট অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংশ্লিষ্ট স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রশাসনিক প্রক্রিয়া আরও এগিয়ে গেল।































