আইফোনের জন্য
এক সপ্তাহ আগেই অপ্রতিম হত্যার পরিকল্পনা

- সর্বশেষ আপডেট ০২:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 165
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার পরিকল্পনা করা হয়েছিল ঘটনার প্রায় এক সপ্তাহ আগে। উদ্দেশ্য ছিল তার আইফোন ছিনিয়ে নেওয়া। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে।
জবানবন্দিতে তিন আসামির বক্তব্যে অপ্রতিমকে ছবি তোলার কথা বলে লালমাই পাহাড়ে নিয়ে যাওয়া, তার কাছ থেকে আইফোন নেওয়া এবং হামলার বিষয়ে বেশ কিছু মিল রয়েছে। তবে হত্যার সময় এবং ঘটনার পর তাদের গতিবিধি নিয়ে বক্তব্যে কিছুটা পার্থক্য রয়েছে।
অপ্রতিমের সঙ্গে আসামিদের পরিচয় হয় ছবি তোলা ও টিকটক করার সূত্রে। জবানবন্দি অনুযায়ী, এই পরিচয়ের একপর্যায়ে অপ্রতিমের আইফোনের প্রতি তাদের লোভ তৈরি হয়। পরে ফোনটি নেওয়ার জন্য হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার আগের শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে তুহিন ও ফাহাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয় বলে দুজনের জবানবন্দিতে এসেছে।
আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) জবানবন্দিতে বলেন, পাঁচ-ছয় মাস ধরে অপ্রতিমের সঙ্গে তার পরিচয় ছিল। বন্ধু সিয়ামের মোটরসাইকেলে করে অপ্রতিম তাদের সঙ্গে ছবি তুলতে ও টিকটক করতে বের হতো। তুহিনের দাবি, অপ্রতিমের আইফোন নেওয়ার বিষয়ে তার ও অপ্রতিমের বাবার দোকানে কর্মরত কিশোর মোজাম্মেল হোসেন ফাহাদের (১৫) মধ্যে পরিকল্পনা হয়।
ফাহাদের জবানবন্দিতেও আগের শুক্রবারের বৈঠকের কথা এসেছে। তবে সে পরিকল্পনার মূল দায় তুহিনের ওপর দিয়েছে। তার ভাষ্য, তুহিনই আইফোনের জন্য অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করেন। অন্যদিকে মো. কামরুল হাসান (১৬) জানিয়েছে, ঘটনার দিন বিকেলে তার এক বন্ধু তাকে জানায়, তুহিনের সঙ্গে মিলে আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা করা হবে।
অপ্রতিম ১৮ সেপ্টেম্বর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন কুমিল্লা সদর দক্ষিণের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়। ২০ সেপ্টেম্বর রাতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তুহিনের জবানবন্দি অনুযায়ী, হত্যার আগের দিন ১৭ সেপ্টেম্বর ময়নামতির একটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অপ্রতিমের সঙ্গে তার দেখা হয়। অপ্রতিম তাকে নিজের টিকটক অ্যাকাউন্টের ঠিকানা দেয়। পরে টিকটকের মাধ্যমে যোগাযোগের পর অপ্রতিম একটি মুঠোফোন নম্বর দেয়। ওই নম্বরে কথা বলে পরদিন জুমার নামাজের পর দেখা করার সিদ্ধান্ত হয়।
১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অপ্রতিমের সঙ্গে তুহিনের দেখা হয়। এরপর তাকে কৌশলে সানন্দা পশ্চিমপাড়ার দিকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ফাহাদের বক্তব্য অনুযায়ী, দুপুর ২টার পর কোটবাড়ির বোর্ড মার্কেট এলাকায় অপ্রতিমের সঙ্গে তার দেখা হয়। পরে কামরুলকে নিয়ে সে পাহাড়ে যায়। কামরুল জানিয়েছে, বিকেল ৪টার পর তারা পাহাড়ে পৌঁছে অপ্রতিম ও তুহিনকে সেখানে বসে থাকতে দেখে।
ঘটনাস্থলে অপ্রতিমের কাছ থেকে প্রথমে আইফোন নেওয়া হয় বলে জবানবন্দিতে এসেছে। ফাহাদের দাবি, সে ফোনটি অপ্রতিমের কাছ থেকে নিয়ে কিছুক্ষণ ব্যবহার করে তুহিনের হাতে দেয়। তুহিনের বক্তব্যেও একই ধরনের তথ্য রয়েছে। ফোনটি ফেরত না দেওয়াকে কেন্দ্র করে অপ্রতিমের সঙ্গে তুহিনের কথা-কাটাকাটি হয়।
এরপর তুহিন প্রথমে অপ্রতিমকে থাপ্পড় দেন এবং পাশে থাকা কোদালের হাতল দিয়ে তার মাথায় আঘাত করেন বলে তিন আসামির জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। পরে অন্য দুজনকেও মারধরে অংশ নিতে বলা হয়। হামলার পর অপ্রতিমের মৃত্যু হয়।
হত্যার উদ্দেশ্য নিয়েও তিনজনের বক্তব্যে মিল রয়েছে। তাদের জবানবন্দি অনুযায়ী, আইফোনটি বিক্রি করে পাওয়া টাকা ভাগ করে নেওয়ার পরিকল্পনা ছিল। ফাহাদের ভাষ্য, তুহিন ফোনটি বিক্রি করে তাকে টাকার অংশ দেওয়ার কথা বলেছিলেন।
অপ্রতিমের মৃত্যুর পর ঘটনাস্থল থেকে কে কোন পথে চলে যায়, সে বিষয়ে তিনজনের বক্তব্যে পার্থক্য রয়েছে। তবে আইফোনটি শেষ পর্যন্ত তুহিনের কাছেই ছিল বলে তাদের জবানবন্দিতে উঠে এসেছে।
তুহিনের জবানবন্দিতে তার বন্ধু মো. সিয়াম (১৯) সম্পর্কেও তথ্য রয়েছে। তার দাবি, হত্যার পর বাসায় ফিরে তিনি সিয়ামকে ফোন করে ডেকে আনেন এবং তাকে পুরো ঘটনা জানান। তবে ফাহাদ ও কামরুলের জবানবন্দিতে হত্যার পরিকল্পনায় সিয়ামের সম্পৃক্ততার কথা নেই।
পুলিশ সিয়ামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পুলিশের ভাষ্য, তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি; তবে ঘটনার বিষয়টি জানার পর তা গোপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
হত্যার পরদিন তুহিন অপ্রতিমের মামার সঙ্গে তার খোঁজে বের হয়েছিলেন বলে জবানবন্দিতে দাবি করেছেন। ফাহাদও অপ্রতিমকে খুঁজতে যাওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে কামরুল ও তার এক বন্ধু সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দেয়। এর মধ্যে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তুহিনকে শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের বিষয়ে তথ্য পাওয়া যায়।































